মেসির হয়ত শেষ বিশ্বকাপ, রোনাল্ডোর শেষ কিনা নিশ্চিত নন পর্তুগাল কোচ

হয়ত এটাই শেষ বিশ্বকাপ দুই কিংবদন্তির। এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে সকলের নজর এই দুজনের দিকে। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো – দুজনেই খেলছেন তাঁদের ষষ্ঠ বিশ্বকাপে। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দুজন ছাড়া আর কোনও পুরুষ ফুটবলার এতবার প্রতিনিধিত্ব করতে পারেননি। তবে গোটা ফুটবল বিশ্বই মনে করছে এটাই হয়ত তাঁদের শেষ বিশ্বকাপ। একমাত্র ব্যতিক্রম রোনাল্ডোর পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ।
৩৯ বছরের মেসি আগের বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। তবে রোনাল্ডো এখনও বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি। ১৯৬২-তে ব্রাজিল খেতাব ধরে রাখতে পেরেছিল। সেটাই শেষবার। তারপর আর কোনও চ্যাম্পিয়ন দল পরের বিশ্বকাপে খেতাব ধরে রাখতে পারেনি। এবার কি সেটা করতে পারবে মেসির আর্জেন্টিনা? বিশেষজ্ঞদের মতে এবার কিন্তু আর্জেন্টিনা যেমন ফেবারিট, তেমনি রোনাল্ডোর পর্তুগালেরও ভাল সুযোগ আছে।

২০০৩ সালে ১৮ বছর বয়সে জাতীয় দলে প্রথমবার সুযোগ পান রোনাল্ডো। তারপর দীর্ঘ জার্নি। পরের বিশ্বকাপ রোনাল্ডোর ঘরের মাঠে। কিন্তু তখন তাঁর বয়স হবে ৪৫ বছর। আর কী সম্ভব? রোনাল্ডো নিজেও তাই ইঙ্গিত দিয়েছেন এটাই হতে চলেছে তাঁর শেষ বিশ্বকাপ। কিন্তু অন্যরকম ভাবছেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ।
মার্টিনেজ স্পষ্টই বলেছেন, পরের বিশ্বকাপে রোনাল্ডো খেলবেন, এই সম্ভাবনাকে তিনি উড়িয়ে দিতে পারছেন না। কারণটাও ব্যাখ্যা করেছেন তিনি। তাঁর বক্তব্য, ফুটবল থেকে সব কিছু পাওয়ার পরও সর্বোচ্চ পর্যায়ে নিজেকে রোজ প্রমাণ করার জন্য রোনাল্ডোর যা তাগিদ, সেটাই তাঁর সাফল্যের রসায়ন। কেরিয়ার দীর্ঘায়িত হওয়ার কারণও সেটাই। মার্টিনেজ আরও বলেন, রোনাল্ডোর সব সময় নিজেকে উন্নত করার মানসিকতা ও খিদে তরুণদের কাছে শিক্ষনীয়। এই একটা কারণের জন্যই রোনাল্ডোদের কোচ মনে করছেন পর্তুগালে ২০৩০ বিশ্বকাপেও খেলতেই পারেন সিআরসেভেন।
