বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক ফুটবলার কে, কেই বা সর্বকনিষ্ঠ

৩৯ বছর বয়সে বিশ্বকাপের মঞ্চে লিও মেসি। ক্রিশ্চয়ানো রোনাল্ডো ৪১ বছর বয়সে বৃহত্তম বিশ্বকাপে। কিন্তু বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক ফুটবলার তাঁরা কেউ নন। সবচেয়ে বেশি বয়সে এবার বিশ্বকাপে খেলছেন স্কটল্যান্ডের গোলরক্ষক ক্রেগ গর্ডন। ৪৩ বছর ১৬২ দিন বয়সে তিনি বিশ্বকাপের মঞ্চে। এরপরই থাকছেন রোনাল্ডো। প্রায় ৪১ বছর বয়সে তাঁর অধরা বিশ্বকাপের জন্য দৌড়।

ক্রোয়েশিয়ান মহাতারকা লুকা মদ্রিচ ৪০ বছর বয়সে আবার বিশ্বকাপের মঞ্চে। বসনিয়া হরজেগোভিনার এডিন ডেকোও ৪০ বছর বয়সে বিশ্বকাপে। এবার মেসি, রোনাল্ডো ছাড়াও মেক্সিকোর বর্ষীয়ান গোলরক্ষক গুইলার্মো ওচোয়াও ষষ্ঠবারের জন্য বিশ্বকাপের আসরে। এ তো গেল বর্ষীয়ান ফুটবলারদের কথা। এবারের বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক কোচ ডিক অ্যাডভোকেট। কুরাসাও দলকে কোচিং দিচ্ছেন এই ডাচ কোচ।
সর্বকনিষ্ঠ ফুটবলার হিসাবে এবারের বিশ্বকাপে মেক্সিকোর ১৭ বছর ৮ মাস বয়সের গিলবার্তো মোরা। তাঁর চেয়ে একটু বড় ১৭ বছর ১১ মাস বয়সে বিশ্বকাপের মঞ্চে চেক প্রজাতন্ত্রের হুগো সোচুরেক। জার্মানির লেনার্ট কার্লও এঁদেরই প্রায় সমবয়সী। এই বিশ্বকাপের অনেক প্রবীণ ফুটবলারের যখন অভিষেক হয়েছিল, তখন এই তরুণদের অনেকর জন্মও হয়নি।

দল হিসাবে এবারের বিশ্বকাপের সবচেয়ে প্রবীণ দল পানামা। তাদের গড় বয়স ৩০ বছর ১৫৫ দিন। এরপরই রয়েছে ইরান। তাদের গড় বয়স ৩০ বছর ১২১ দিন। কলম্বিয়া দলের গড় বয়স ৩০ বছর ৩২ দিন। কেপ ভার্দের গড় বয়স ২৯ বছর ২৪৭ দিন।
এবারের বিশ্বকাপে ম্যাঞ্চেস্টার সিটির সবচেয়ে বেশি ফুটবলার আছেন। বিভিন্ন দলে সিটির মোট ১৯ জন ফুটবলার রয়েছেন। ১৮ জন ফুটবলার রয়েছেন বায়ার্ন মিউনিখের। আর্সেনালের ১৬ জন, পিএসজির ১৫ জন, বার্সেলোনার ১৪ জন ও ম্যানচেস্টার ইউনাইটেডের ১৩ জন ফুটবলারকে দেখা যাবে বিশ্বকাপের মঞ্চে।
