জঙ্গলমহলের প্রতিভাবান ফুটবলারদের মেধার আরও বিকাশ ঘটাতে নিরলস মেধাবী কোচ ভার্গব গুহঠাকুরতা

জঙ্গলমহলের প্রতিভাবান ফুটবলারদের মেধার আরও বিকাশ ঘটাতে নিরলস মেধাবী কোচ ভার্গব গুহঠাকুরতা
জঙ্গলমহল ও সেখানকার বিবেকানন্দ স্পোর্টস অ্যাকাডেমি নিয়ে এখন চর্চা বাংলার ফুটবল মহলে। আর ওই অ্যাকাডেমির প্রাণপুরুষ ডাক্তার প্রশান্ত কুমার মাহাতোর ডাকে সাড়া দিয়ে কলকাতা থেকে সেখানে ছুটে যান প্রাক্তন ফুটবলার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কলার ভার্গব গুহঠাকুরতা। একটা মিশন নিয়ে, একটা স্বপ্ন নিয়ে জঙ্গলমহলে প্রায় ডেলি প্যাসেঞ্জারি ভার্গবের।

টালিগঞ্জ, বিএনআর, কাস্টমস, হাওড়া ইউনিয়ন – এ রকম অনেক দলেই খেলেছেন। একই সঙ্গে পিএইচডি করেছেন মেধাবী ছাত্র ভার্গব। যে রাঁধে সে চুলও বাঁধে – এই প্রবাদ বাক্যটি দারুনভাবে মানিয়ে যায় ভার্গবের সঙ্গে। খেলা ছাড়ার পর কোচিং। মূলত বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমির কোচিংয়ের সঙ্গে যুক্ত আছেন। একই সঙ্গে যুক্ত পুরুলিয়ার বিবেকানন্দ স্পোর্টস অ্যাকাডেমির সঙ্গে। ভার্গবের এ কথা বলতে একটুও দ্বিধা নেই যে তিনি সিনিয়রদের নয়, জুনিয়র ফুটবলারদের কোচিং করাতেই ভালোবাসেন। আর পুরুলিয়ার আদিবাসী ফুটবলারদের জন্য তাঁর ভাবনা, তাঁর স্বপ্ল একটু বেশিই। বিশ্বাস করেন, ওই আদিবাসী ফুটবলারদের দক্ষতা, যোগ্যতায় ঘাটতি নেই। মেধাও আছে, তবে সেটা আর একটু বাড়াতে পারলে এবং আর একটু আধুনিক প্রশিক্ষণে এগোতে পারলে ওই ফুটবলাররা অনেক দূর যেতে পারেন। এই বিশ্বাস থেকেই পুরুলিয়া ছুটে যাওয়ার প্রেরণা পান।

বিবেকানন্দ স্পোর্টস অ্যাকাডেমিতে ভার্গবের ভূমিকাটা ঠিক কী? ফুটবলারদের কোচিং তো বটেই, অ্যাকাডেমির কোচেদেরও কোচিং দিয়ে তাঁদের আরও উন্নতি করার চেষ্টা করে যাচ্ছেন। তাঁকে টেকনিক্যাল ডিরেক্টরের কাজটা করতে হয়।
সঠিক কোচিং পদ্ধতির মধ্যে থেকে যাতে ফুটবলাররা তৈরি হতে পারেন, সে দিকেই নজর তাঁর। পাশাপাশি ফুটবলারদের স্পে্াকেন ইংলিশটাও শেখানো হচ্ছে, যাতে তাঁরা থিওরিটক্যাল ব্যপারগুলো ভালোভাবে রপ্ত করতে পারেন। ভার্গব নজর দিয়েছেন ফুটবলারদের বুদ্ধিমত্তা বাড়ানোর দিকেও। এখন ওঁরা চাইছেন যদি বড় কোনও স্কুল এগিয়ে আসে, ২০-২৫টা ছেলের দায়িত্ব নেয়, অ্যাকাডেমির সঙ্গে হাত মেলায়, তাহলে ভার্গবদের কাজটা সহজ হয়ে যায়।
জঙ্গলমহলের এই ফুটবলাররা আরও অনেক চমক দিতে পারেন, আরও অনেক দূর এগোতে পারেন, এটা বিশ্বাস করেন বলেই, এই স্বপ্নকে বাস্তবায়িত করতে চান বলেই কলকাতা থেকে পুরুলিয়া ছুটে যাওয়া ভার্গবের। শারীরিকভাবে দক্ষ, প্রতিভাবান ফুটবলারদের মেধার আরও উন্নতি করে সম্পূর্ণ করে তোলার কাজে নিরলস মেধাবী কোচ ভার্গব গুহঠাকুরতা।
